দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

21

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, সংবর্ধনা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, নবাগত অফিসার ইনচার্জ শেখ আউয়াল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, ওসি (অপারেশন) জুলফিকার আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম এবং জুলাই শহীদ রাকিবুল হাসান-এর মা রেবেকা বেগম

এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাওলানা আশরাফুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

এর আগে সকালে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী এলাকায় জুলাই শহীদ নবী নূর মোড়ল এবং রাকিবুল হাসান-এর কবর জিয়ারত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ

প্রীতি ম্যাচে পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে উপজেলা প্রশাসন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে টি-শার্ট বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।