দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় আইনজীবী ও স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাঁদাদাবি; ‘গ্রেনেড বাবু’সহ ৩ গ্রেফতার

48

]খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদাদাবির অভিযোগে আলোচিত ‘গ্রেনেড বাবু’ ওরফে ডন বাবুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত ইয়ামিন (৩০), তার স্ত্রী এবং মা অন্তর্ভুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের রামপাল থানা পুলিশের সহযোগিতায় রামপাল এলাকার শরাফপুর থেকে গ্রেনেড বাবু ও তার পরিবারকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইয়ামিন শরাফপুরের মোল্লা ইব্রাহিমের ছেলে।

তদন্তকারী পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর গ্রেনেড বাবু তার স্ত্রীর সিম কার্ড ব্যবহার করে পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা এবং সম্পাদক অ্যাডভোকেট আক্কাছ আলীর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদের কাছেও মোবাইলে হুমকি দিয়ে চাঁদাদাবি করা হয়।

এই ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক গত ২৭ অক্টোবর পৃথক দুটি মামলা (মামলা নং ২৭ ও ২৮) দায়ের করেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, ওসি-র নেতৃত্বে উন্নত প্রযুক্তি ও কল ডিটেইলস বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তিনি আরও জানান, গ্রেনেড বাবুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, এই চক্রটি ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চিকিৎসক ও আইনজীবীদের ভয় দেখিয়ে টাকা দাবি করে আসছিল। দায়েরকৃত মামলায় পরিবারের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।