সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলার আসামি বেনজীর আহমেদকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। গত বছরের ১১ এপ্রিল পাঠানো ওই আবেদনের পর ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে তাকে গ্রেফতারের অনুরোধ জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের এনসিবি বাংলাদেশ সরকারকে ই-মেইলের মাধ্যমে অবহিত করে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তিনি আমিরাতে রয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্তসংক্রান্ত নথিপত্র প্রস্তুতের কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি এটিকে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে এবং অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়—এই বার্তাই প্রতিষ্ঠিত হবে।