দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ করেন এস এম মনিরুল হোসেন বাপ্পি

87

 ডুমুরিয়া :

সরকারের পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে খুলনা জেলা পরিষদের উদ্যোগে ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কাজে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকেও সম্পৃক্ত হতে হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক চেয়ারম্যান, মোল্লা মোশাররফ হোসেন মফিজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি সকলের সম্মিলিত দায়িত্ব। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপস্থিত পরিবেশপ্রেমী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।