খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনি এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে দারুস সালাম জামে মসজিদের পাশের একটি পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা।
দুর্ঘটনার সময় তার বাবা এবং বড় ভাই শাকের মাহমুদ বাসায় ছিলেন। শাকের মাহমুদ খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, শাহেদ সাঁতার জানত। সে গোসল করতে যাবে বলে বাবার অনুমতি নিয়ে বাসা থেকে বের হয়।
পরে দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শাহেদের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।