বাংলাদেশে ঘুরতে এসে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) ম্যাকবুক উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশে দেশে আসেন জার্মান নাগরিক ক্রিল। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে ল্যাপটপ ও ক্যামেরা রেখে এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে সেগুলো না পেয়ে নাটোর সদর থানায় লিখিত আবেদন করেন।
হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে তার গত ছয় মাসের কাজের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একটি দল উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর গত ১১ অক্টোবর রাতে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
দ্রুত ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন জার্মান পর্যটক ক্রিল। এ সময় তিনি পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদেশি পর্যটকের হারানো মালামাল দ্রুত উদ্ধার করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন
এ সময় দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে জনমুখী সেবাদান এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।