দৈনিক খুলনা
The news is by your side.

ত্রিশাল নজরুল সংস্কৃতির হেরিটেজ, নজরুল বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড: জাককানইবি উপাচার্য

29

ত্রিশালকে ‘নজরুল সংস্কৃতির হেরিটেজ’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে ‘নজরুলের ভ্যানগার্ড’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জরুরি প্রশাসনিক কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।

অনুষ্ঠানে উপাচার্য ড. মোশারফ হোসেন বলেন, ত্রিশাল হলো ‘নজরুল সংস্কৃতির হেরিটেজ’ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হলো ‘নজরুলের ভ্যানগার্ড’। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালকে ‘নজরুল বর্ষ’ এবং ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছেন। ফলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন) এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।