মোংলা :
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারী দস্যুদের বাড়ি খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। আত্মসমর্পণের পর তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের চলমান অভিযানের অংশ হিসেবে দস্যুদের আত্মসমর্পণে উৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনীর প্রধান সুমনসহ সাত বনদস্যু ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এছাড়া গত ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য তিনটি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে কোস্ট গার্ড, পুলিশ, র্যাব, বিজিবি, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।