দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা বন্দরের সিবিএ নির্বাচন দাবিতে তলবি সভা

23

মোংলা :

দীর্ঘদিন ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজি. নং-১৯৫৭) সিবিএ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ সদস্যরা। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত বিশেষ তলবি সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে মোংলা বন্দর সিবিএ ভবনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সংঘের গঠনতন্ত্রের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চুয়ালি অংশ নেন।

সংঘের প্রবীণ সদস্য মো. নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন মো. সারোয়ার হোসেন ও মো. মতিউর রহমান। বক্তব্য দেন ফজলুল হক, জাহাঙ্গীর আলম, এস. এম. মনির হোসেন, মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কর্মচারী সংঘের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১৭ অক্টোবর। দুই বছরের মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২৪ সালের ২১ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। পরে আপিল বিভাগের আদেশে আইনি জটিলতা কেটে যাওয়ার পর ৬ মে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও নির্বাচনের আগের দিন বাগেরহাটের যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন আবারও স্থগিত হয়ে যায়।

তারা আরও বলেন, পরবর্তীতে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। পরে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন একটি অ্যাডহক কমিটি গঠন করেন। ওই কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় কর্মচারীরা সাংগঠনিক সেবা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলতি বছরের ১৩ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। আদালতের নির্দেশনার পর পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন গঠনতন্ত্রের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ এবং সদস্য করা হয়েছে ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা (আয়) মো. নিয়ামুর রহমানকে।

সভায় বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি কার্যকর ও নির্বাচিত সিবিএ কমিটির বিকল্প নেই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।