দৈনিক খুলনা
The news is by your side.

চলছে কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৪ দিনে আটক ছাড়াল ১৬০০

32

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

 

কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থান, কিশোর বয়সী বখাটেদের আড্ডাস্থল ও তাদের উৎপাত রয়েছে—

এমন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

 

পুলিশ জানিয়েছে, সবশেষ অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

 

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।