বেনাপোল :
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, পণ্য খালাস প্রক্রিয়া, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।
দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান।
পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী বন্দরগুলোর একটি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্যিক কার্যক্রমে এ বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, বন্দরের অনেক পুরোনো শেড রয়েছে, যেগুলো নতুন করে নির্মাণ করা হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমদানি-রপ্তানিকারকরা যাতে নির্বিঘ্নে তাদের পণ্য খালাস করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। পরে তারা বন্দরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পণ্য খালাস কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মো. রুহুল আমিন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদেরসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।