দৈনিক খুলনা
The news is by your side.

গোসল করতে নেমে কুমিরের কামড়ে আহত ৭৫ বছরের ব্যক্তি

17

খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের কামড়ে সুবোধ গাইন (৭৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত সুবোধকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নামেন সুবোধ গাইন। এ সময় একটি কুমির তার ডান পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, ঘটনার সময় খালে ভাটা চলছিল। ফলে পানির গভীরতা তুলনামূলক কম ছিল। কুমিরটি আকারে বড় না হওয়ায় সুবোধ গাইন প্রতিরোধের সুযোগ পান। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুন্তল মণ্ডল জানান, কুমিরের কামড়ে সুবোধের ডান পায়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। প্রয়োজন হলে পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তার অবস্থা ভালো।

এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাকোপের ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হন। কাঁকড়া ধরে ফেরার পথে ঢাংমারী খাল পার হওয়ার সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নেয়। প্রায় সাত ঘণ্টা পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।