দৈনিক খুলনা
The news is by your side.

খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম: এম এ সালাম

35

 বাগেরহাট :

‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে এম এ সালাম বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে চলবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের একটি অংশ বর্তমানে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এম এ সালাম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পর পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ব্যাট-বলসহ অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কাজী মাহমুদুল কবির, বাগেরহাট যুবদল নেতা শেখ ওমর আলী মুন্নাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।