দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

41

বাগেরহাট :

বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট উপজেলার রেজাউল রহমান পলাশের মালিকানাধীন ‘পুষ্প টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, প্রতিটি মোবাইল ফোনের একটি স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে, যার মাধ্যমে ফোনটি শনাক্ত করা সম্ভব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, অভিযানের সময় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হলেও তাদের সঙ্গে জড়িত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোনগুলো ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।