দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা পরিষদের উদ্যোগে রূপসার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

120

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (বিকাল ৪টা) রূপসা উপজেলা চত্বরে একটি ফলজ গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ, খুলনার প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবে, তেমনি ভবিষ্যতে এসব গাছ থেকে পুষ্টিকর ফলও পাওয়া যাবে। তিনি সকলকে বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, জেলা পরিষদ সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং জনসাধারণের মধ্যে গাছের চারা বিতরণ অব্যাহত রাখবে। পরিবেশ সুরক্ষা এবং একটি বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও সম্প্রসারণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও সবুজ হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।