দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি

35

খুলনা :

বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক, দৈনিক ভিত্তিক, মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর বয়রা নূরনগর পূর্ত ভবন প্রাঙ্গণে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৪৭)-এর উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা জানান, গণপূর্ত অধিদপ্তরের প্রায় দেড় হাজার কার্যভিত্তিক কর্মচারীকে অস্থায়ী নিয়মিত পদে রূপান্তরের বিষয়ে উচ্চ আদালতের দুটি রায় রয়েছে। এ সংক্রান্ত কর্মচারীদের ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কার্যকর কোনো সমাধান হয়নি। এরই মধ্যে অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ ৫৯ বছর পূর্ণ হওয়ায় চাকরি থেকে অবসর নিয়েছেন। নিয়মিতকরণ না হওয়ায় তারা বেতন ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে কর্মসূচিতে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, সরকারি বাসভবনে বসবাসরত অনেক কর্মচারী চাকরি থেকে অবসরের পর বাসা ছাড়তে বাধ্য হচ্ছেন। ফলে তারা ও তাদের পরিবার আর্থিক সংকট এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবস্থান কর্মসূচি থেকে প্রায় দেড় হাজার কার্যভিত্তিক কর্মচারীকে দ্রুত নিয়মিত করে পেনশনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া কর্মসূচি থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতি, দৈনিক ভিত্তিতে ভাউচারের মাধ্যমে কর্মরত কর্মচারীদের নিয়মিতকরণ, কর্মচারীদের পক্ষে আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট নিয়োগ নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রথা বাতিল করে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কর্মচারী নিয়োগ এবং তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী বৈষম্য নিরসন এবং ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা ও চর্চার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, খুলনা জেলা কমিটি-২-এর সভাপতি হাফেজ মো. আনছার উদ্দীনের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা কমিটি-১-এর সাধারণ সম্পাদক শেখ সুলতান আলী।

কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা জেলা কমিটি-২-এর সাবেক সভাপতি মো. আশরাফুল আলম, খুলনা জেলা কমিটি-১-এর সভাপতি এম এম ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি মো. শের-ই আলম, মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. ইউনুচ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (মুকুল), প্রচার সম্পাদক শেখ মো. লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।