দৈনিক খুলনা
The news is by your side.

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মোংলা পৌর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

22

মোংলা :

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মোংলা পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার মোংলা সরকারি কলেজ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ বীর শহীদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক রূপা দাস, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডলার মোল্লা, পৌর ছাত্রদল নেতা সাহেদ মাহমুদ সাকিব এবং ছাত্রনেতা সিয়াম, আরমান, তামিম ও রাতুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করে যাবে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোংলা পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির অংশ হিসেবে চার দিনব্যাপী মোংলা পৌর এলাকায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।