দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

27

খুলনা :

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে জেডআরএফের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তার হাতে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি স্মারক ক্রেস্ট তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন এবং অদূর ভবিষ্যতে সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিথিবৃন্দ শিক্ষা, গবেষণা ও একাডেমিক সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অতিথিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন।