দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১৭৮ রোগী

24

যশোর :

যশোরের কেশবপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী একটি বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে মোট ১৭৮ জন রোগী বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

সমাধানের ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. মো. মুস্তাফিজুর রহমান ও তাঁর চিকিৎসক দল।

ক্যাম্পে সমাধান সংস্থার বিভিন্ন শাখার সদস্যদের পাশাপাশি সাধারণ চক্ষুরোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ছানি রোগী শনাক্ত করা হয় এবং অন্যান্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, চিকিৎসাসেবা গ্রহণকারী ১৭৮ জনের মধ্যে ৭৭ জন ছানি রোগী এবং ৮ জন অন্যান্য জটিল চক্ষুরোগী শনাক্ত হন। তাদের সমাধান সংস্থার নিজস্ব পরিবহনে খুলনার শিরোমণি বাদামতলা অবস্থিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হয়েছে। অপারেশন শেষে আগামী ১১ জুলাই একই ব্যবস্থাপনায় তাদের কেশবপুরে ফিরিয়ে আনা হবে।

সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম বলেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। অর্থাভাবে যেন কেউ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলী বলেন, একজন মানুষ যখন দৃষ্টিশক্তি ফিরে পান, তখন শুধু তাঁর চোখেই আলো ফেরে না, আলোকিত হয় একটি পরিবারও। তাই রোগীদের বিনামূল্যে পরীক্ষা, অপারেশন ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

চক্ষু ক্যাম্প চলাকালে সমাধান সংস্থার পরিচালক শাহাদাৎ হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত চক্ষু চিকিৎসা, বিনামূল্যে অপারেশন এবং যাতায়াতের ব্যবস্থা অনেক অসহায় মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে।