কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আনোয়ার হোসেন (১৮৪১৩)। এর আগে তিনি মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত ইউএনও মো. আনোয়ার হোসেন কেশবপুরে যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, সমাজসেবা অফিসার মো. রকোনুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদান উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “কেশবপুরের মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের সব দপ্তরকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করাই থাকবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর, জনবান্ধব ও উন্নয়নমুখী উপজেলা প্রশাসন গড়ে তুলতে চান তিনি।
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, “কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে কেশবপুরে স্বাগত জানাই। তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কেশবপুরের শিক্ষা ও উন্নয়নের স্বার্থে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বদলি হয়ে মো. আনোয়ার হোসেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে কেশবপুর উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।