দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ

11

খুলনা :

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্ল্যা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে অভিভাবকদের মতামত, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, নৈতিক বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের সময় বিশেষ করে বাসায় তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিবিড় তদারকি প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। অভিভাবকদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. আনিসুর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে অভিভাবকদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমান।

আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক আহসান উল্লাহ।

অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আনজির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মো. নাজিম।

পরে আইএসএলএম বিভাগের একাডেমিক কার্যক্রম, পাঠদান, গবেষণা, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরবর্তীতে অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়-অভিভাবক সম্পর্ক আরও শক্তিশালী করতেই এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে।