খুলনা :
উৎসবমুখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেটেড) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী দিনে সকাল ১১টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও ইসলামিক স্টাডিজ অ্যান্ড ল বিভাগের (আইএসএলএম) মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা ওঠে। ৪০ মিনিটের এই ম্যাচে সিএসই বিভাগ ২-১ গোলের ব্যবধানে আইএসএলএম বিভাগকে পরাজিত করে।
দুপুর ১২টায় অনুষ্ঠিত ইংরেজি বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মধ্যকার ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। পরে দুপুর ২টায় সিএসই বিভাগ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার খেলায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে।
আগামী ১২ জুলাই বিকেল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকেল ৫টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।