দৈনিক খুলনা
The news is by your side.

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কাজী মিজানুর রহমান

39

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। শনিবার (১১ জুলাই) উপজেলার শিরোমণি ও ডাকাতিয়া গ্রামের বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এলাকায় যান খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের নজরে আনেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় কাজী মিজানুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।