দৈনিক খুলনা
The news is by your side.

অপশক্তির বিরুদ্ধে ছাত্রদলের কর্মীদের সজাগ থাকার আহ্বান: শফিকুল আলম তুহিন

28

খুলনা :

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন ও মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। হাজারো শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কোনো অপশক্তি যেন দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদলকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা মো. তাজিম বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সাংবাদিক নেতা মিজানুর রহমান মিলটন এবং রাশেদুল ইসলাম

খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব ও জেলা ছাত্রদলের সদস্য সচিব খাঁন ইসমাইল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফর

এ সময় মহানগর ও জেলা ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।