দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

29

শার্শা :

যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুরুল হক নুরু শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির চাচি রুপা খাতুন শার্শা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাসুর জামের আলী ও ভাসুরের স্ত্রী রাবেয়া খাতুন উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের টিনশেড ঘরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

পরে শিশুটি বিষয়টি স্বজনদের জানালে তারা শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শার্শা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খোন্দকার শাহ আলম জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।