দৈনিক খুলনা
The news is by your side.

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

102

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় শহীদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছে।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করার আহ্বান জানিয়ে বলেন, ‘সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তাজা রক্ত ঝরিয়েছে। তাদের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য।’

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। তিনি সুশাসন, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের চূড়ান্ত লড়াই শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর বাঙালি জাতি প্রতিরোধ গড়ে তোলে এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জিত হয়।