এসএসসি পরীক্ষায় ১১ বিষয়ের নম্বর জালিয়াতি করে ফল বাড়ানোর অভিযোগে চট্টগ্রামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২২ নভেম্বর) সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফরহাদুল ইসলাম (২৯), হালিশহর এলাকার শাহিদুল আলম জিসান (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মো. আব্দুল মালেক (৫৬)।
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জালিয়াতিতে সংশ্লিষ্ট কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
সিআইডি জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর নম্বর জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ হলেও প্রকাশিত ফলে দেখানো হয় ৩৩। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২ নম্বর দেখানো হয়।
এ ছাড়া গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।
এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য ও প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে। পরে পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পরীক্ষার্থীর পক্ষে দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড।
বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় প্রতারণা, জালিয়াতি ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে মামলা করা হয়। মামলাটির তদন্তভার পাওয়ার পর সিআইডি নথিপত্র, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন এবং ফলাফল প্রস্তুতকরণের কারিগরি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনজনকে গ্রেফতার করে।
সিআইডির ভাষ্য, ফলাফল প্রস্তুতকরণের কারিগরি কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজনের তত্ত্বাবধানে এ জালিয়াতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সিআইডি।