দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবক আটক

31

খুলনায় পরিত্যক্ত বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক দুই যুবক হলেন কৌশিক ও ইয়াছিন। তারা দুজনই বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা প্রতিরোধে সারা রাত দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন। ভোররাতে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি সড়কে বের হন। এ সময় আটক দুই যুবকের সঙ্গে আরও দুজন ছিলেন। তাদের মধ্যে চয়ন নামে একজন ছাত্রলীগ নেতা ছিলেন বলে দাবি করেন তিনি।

মন্টু বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা চয়নকে চিনতে পেরে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। তবে কৌশিক ও ইয়াছিনকে আটক করা হয়। তার দাবি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। আটক যুবকদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে মোটরসাইকেলে করে তিনি ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু কুদির বটতলা এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে তাদের দেখে একটি মোটরসাইকেল থেমে যায় এবং অন্যটি একটি গলিতে ঢুকে পড়ে। পরে আটক দুই যুবকের কাছ থেকে তারা জানতে পারেন, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করা হচ্ছিল। তবে আটক দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, আটক দুজন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য তারা লবণচরা থানা এলাকার একটি পেট্রোলপাম্পে গিয়েছিলেন। সেখানে সন্দেহ হলে বিএনপির নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ে পুলিশ কাজ করছে।