দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

31

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বিশ্বনেতারা। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং তাঁর গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্ব দিচ্ছেন। বুধবার প্রধানমন্ত্রী কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।

লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছর সফরের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবারের বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এ অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ-৩১-এর একটি পার্শ্ব অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে সরকারের উদ্যোগ এবং এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১-এর প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলো তুলে ধরবেন। সম্মেলনের পার্শ্ববৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।