জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়নের দাবি নিয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর দায়িত্ব, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী। বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের বিশ্বনেতাদের অধিবেশনে অংশ নিতে সম্মেলনস্থলে যান তিনি। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজকের অধিবেশনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (তুরস্কের স্থানীয় সময়) বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বক্তব্যে জলবায়ু ন্যায়বিচারের পাশাপাশি অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন কার্যকর করার দাবি তুলে ধরা হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। এ বাস্তবতায় জলবায়ু সংকটের জন্য দায়ী না হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যেন ঋণের বোঝা বহন করতে না হয়, সে বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রত্যাশা রয়েছে।
এদিকে সম্মেলনের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বুধবার বিকেলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। আন্তর্জাতিক অঙ্গনে পাটের বহুমুখী ব্যবহার ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
বুধবার সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ান আয়োজিত নৈশভোজেও স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশের আরও দুটি গুরুত্বপূর্ণ পার্শ্ব-আয়োজন রয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশবান্ধব, পচনশীল ও বর্জ্যহীন পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে আরেকটি আয়োজন হবে। পাশাপাশি তুরস্কের সঙ্গে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার বাড়াতে যৌথ ঘোষণার উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য, তিন দিনের সফর শেষে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।