দৈনিক খুলনা
The news is by your side.

দুর্নীতি আর অনিয়মে নষ্ট হয়েছে অনেক সমবায় সমিতি: প্রেসিডেন্ট

28

দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, সমবায় কেবল পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো জড়িত। সমবায়ের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সমবায় ব্যবস্থাকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করে গড়ে তোলা প্রয়োজন।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সমবায় ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও অনিয়মের কারণে সমবায়ের যে সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে, তা দূর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রসঙ্গত, ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।