খুলনা :
সুন্দরবনসংলগ্ন উপকূলীয় উপজেলা খুলনা কয়রা থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এম. সেরাজুল ইসলাম সবুজ। তাঁর এ অর্জনে আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ কয়রার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চলতি বছরের মে মাসে উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে বিভাগীয় পর্যায়ে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন। এ তথ্য বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে প্রকাশিত হয়েছে।
এর আগে সেরাজুল ইসলাম সবুজ একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালেও তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রেও তিনি কাজ করে আসছেন। ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা সেরাজুল ইসলাম সবুজ খুলনা বিএল কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে তিনি শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতা গড়ে তোলা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তাঁর শিক্ষার্থীবান্ধব আচরণ ও দায়িত্বশীলতার বিষয়টি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও প্রশংসিত হয়েছে।
নিজের এ অর্জনের পেছনে বাবার স্বপ্ন ও আদর্শকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন সেরাজুল ইসলাম সবুজ। তাঁর বাবা এস এম আব্দুস সবুরও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সেরাজুল ইসলাম সবুজ বলেন, তাঁর বাবার ইচ্ছে ছিল তিনি যেন পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। বাবার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি। তবে বাবা আজ বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে এই অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত ও গর্বিত হতেন বলে জানান সেরাজুল।
তিনি আরও বলেন, “বাবার আদর্শ ও শিক্ষকতার প্রতি তাঁর ভালোবাসাকে বুকে ধারণ করেই আমি এই পেশায় এসেছি। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতির পথে বিভাগীয় পর্যায়ে যে সম্মান পেয়েছি, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল মণ্ডল বলেন, সেরাজুল ইসলাম সবুজ অত্যন্ত ভালো একজন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যেমন দায়িত্বশীল, তেমনি প্রয়োজনের সময় তাদের আন্তরিকভাবে সহযোগিতা করেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা প্রশংসনীয়। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক পরিবার এবং পুরো কয়রাবাসী গর্বিত।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে সেরাজুল ইসলাম সবুজের স্বীকৃতি বিদ্যালয়ের জন্য যেমন সম্মানের, তেমনি কয়রার শিক্ষাঙ্গনের জন্যও বড় অর্জন। তাঁর সাফল্য প্রত্যন্ত অঞ্চলের অন্য শিক্ষকদেরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।
সেরাজুল ইসলাম সবুজের এ অর্জনে মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ কয়রার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কয়রার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া সেরাজুল ইসলাম সবুজের এ অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি কয়রার শিক্ষা অঙ্গনের জন্যও গর্বের বিষয়। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর সাফল্য উপকূলীয় অঞ্চলের শিক্ষকদের আরও নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।