দৈনিক খুলনা
The news is by your side.

সাব-রেজিস্ট্রারকে নিয়ে ‘অপহরণ’ রহস্য

28

খুলনা নগরীর প্রাণকেন্দ্র ও কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে নিয়ে যাওয়ার ঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনাটি অপহরণ কি না, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে তন্ময় কুমার মণ্ডলকে মোটরসাইকেলে করে জেলা পরিষদ, এসপি অফিস, ডিসি অফিস, জর্জ কোর্ট ও জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। এর প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।

কার্যালয়ে ফিরে উপস্থিত সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল বলেন, তাকে কেউ অপহরণ করেনি। একটি দলিলের সমস্যা নিয়ে কথা বলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাকে মোটরসাইকেলে নয়, রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তন্ময় কুমার মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।

পুলিশের ভাষ্য, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর সঙ্গে কারা জড়িত এবং প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর অফিসপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।