দৈনিক খুলনা
The news is by your side.

জামায়াত আমিরের অবস্থান গণহত্যার পক্ষে : রাশেদ খান

29

মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।’ তার দাবি, গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জামায়াত আমিরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।

তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে ২০২৪ সালের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও কি ক্ষমা করে দেওয়া হয়নি? রাশেদ খানের ভাষ্য, আজ মেজর আখতারুজ্জামানের জন্য যারা সহানুভূতি দেখাচ্ছেন, ভবিষ্যতে তারা শেখ হাসিনার জন্যও একই ধরনের অবস্থান নিতে পারেন।

জামায়াতের রাজনৈতিক চরিত্র নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার অভিযোগের কারণে ২০২৪ সালের গণহত্যার বিষয়টি দলটির কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। মেজর আখতারুজ্জামানকে ঘিরে জামায়াত আমির ও নেতাকর্মীদের অবস্থানকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত। জামায়াতে যোগ দেওয়ার কারণে তার বিরুদ্ধে থাকা অপরাধগুলো ক্ষমা হয়ে গেছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে জামায়াতকে ‘অপরাধীদের পুনর্বাসন কারখানা’ বানানোর চেষ্টা না করার আহ্বান জানান।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। উক্ত গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা।

আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার পক্ষে অবস্থান নিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার ও অপমান করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে ‘বীর’ হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির।

তবে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, আখতারুজ্জামান দলের কোনো নেতা নন; তিনি প্রাথমিক পর্যায়ের সদস্য। তার দাবি, ২০২৫ সালের ডিসেম্বরে আখতারুজ্জামান জামায়াতে যোগ দিয়ে সহযোগী সদস্যের ফরম পূরণ করেন।