দৈনিক খুলনা
The news is by your side.

ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

31

 কেশবপুর :

যশোরের কেশবপুরে ফেসবুকের একটি আইডি থেকে নিজের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শেখ রুবেল হাসনাত পাশা।

রোববার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। শেখ রুবেল হাসনাত পাশা উপজেলার ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি মহল তাঁর ও দলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ২ অক্টোবর ‘দৈনিক কেশবপুর’ নামে একটি ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে চাঁদা দাবির মিথ্যা তথ্য প্রচার করেছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আদালতে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।

শেখ রুবেল হাসনাত পাশা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনগুলোতে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগও করেন তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করলে তিনি নির্বাচনে অংশ নিতে চান বলেও জানান। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এ ঘটনায় প্রকৃত সত্য উদ্‌ঘাটনে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি সংস্থার তদন্ত কামনা করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের পেছনে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে গৌরীঘোনা ইউনিয়নের মো. মুজিবুর রহমান সরদার, মো. জামাল সরদার, শামীমুল আলম ও আশরাফ আলী সরদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।