দৈনিক খুলনা
The news is by your side.

গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের উদ্যোগ: পরিবেশ প্রতিমন্ত্রী

3

মোংলা :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়ম থেকে সবাইকে বিরত থাকতে হবে। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুন্দরবনে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকেও জবাবদিহির আওতায় আনার কথা জানান তিনি।

তিনি বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সুন্দরবননির্ভর জেলেদের স্বাস্থ্যসেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার প্রথমবারের মতো দুবলার চরের জেলেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসবাস ও কর্মরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

পলিথিন ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। এসব বর্জ্যের কারণে সুন্দরবনসহ উপকূলীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।