দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

19

পাইকগাছা :

উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট বাগেরহাট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় বাগেরহাটের উদায়ন মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য অ্যাডভোকেট মোসা. মেহেরুন্নেছা। সাধারণ সম্পাদক হয়েছেন এ আর ডিগ্রি কলেজের লেকচারার মো. কামরুল ইসলাম এবং সহসভাপতি হয়েছেন সাংবাদিক ইসরাত জাহান।

সহসম্পাদক হিসেবে রয়েছেন কোস্টাল ক্লাইমেট ইয়ুথ নেটওয়ার্কের জয়েন্ট সেক্রেটারি মো. নাইম হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ুথ ভলান্টিয়ার সামিয়া আহসানী।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন গোপীনাথ সাহা, মো. আসাদ শেখ ও তামান্না আক্তার।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য, পানি ও পরিবেশ নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তাকে স্থানীয় পর্যায়ের নীতি ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।