দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

29

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় স্বত্ব-দখলীয় জমি দখল করে মৎস্যঘের করার চেষ্টা এবং চুরি মামলায় পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ গোলদার (বয়াতী) ও তার শরিকরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ গোলদার অভিযোগ করেন, পৌরসভার শিববাটী মৌজায় তাদের প্রায় ৬ দশমিক ৭৬ একর জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। সর্বশেষ জরিপে জমির কিছু অংশ অন্যদের নামে ভুলভাবে রেকর্ড করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্দুল মজিদের অভিযোগ, ওই সুযোগে আমিনুল ইসলাম কাজল ও শাহানা সুলতানাসহ কয়েকজন তাদের মৎস্যঘের দখলের চেষ্টা করেন। একই সঙ্গে ঘেরের মাছ ও মালামাল নিয়ে যাওয়ার মাধ্যমে তারা আর্থিক ক্ষতি করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তাদের পক্ষের লোকজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় কহিনুর বেগম ও আসাদুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আব্দুল মজিদ আরও জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেওয়ানি মামলা নং ১০৯/২৩ ও ৩৪/২৩ বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ গোলদার জমি ও মৎস্যঘেরের দখল ফিরে পাওয়া, দায়ের করা মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলের সুযোগসহ চার দফা দাবি জানান।

তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।