দৈনিক খুলনা
The news is by your side.

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

27

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে অবহেলা করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অভিযুক্ত ওসির বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল লোক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দুই নৈশপ্রহরীকে মারধর করে আটকে রাখে। পরে হ্যামার ও ভেকু দিয়ে সীমানাপ্রাচীরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন অংশ ও সেবা কক্ষ ভাঙচুর করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রে থাকা ওষুধপত্র, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, এসি ও ফ্রিজসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ভবন ও আসবাবপত্র ভাঙচুরের কারণে আরও প্রায় ২৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।