দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, খুলনায় রেফার

41

কয়রা :

খুলনার কয়রায় সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পরে তাদের সুন্দরবনের হেতালবুনিয়া খাল এলাকা থেকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদীসংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই জেলে হলেন—কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তারা কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়েছিলেন।

আহত জেলেদের চাচা আব্দুল গনি সরদার জানান, সকালে সাইদ নামে এক জেলের মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে দ্রুত সুন্দরবনে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, হেতালবুনিয়া খালের চরে তার দুই ভাতিজা আহত অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, তার ওয়ার্ডের দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাঁকড়া আহরণ শেষে তারা নৌকায় ঘুমিয়ে ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে আহত জেলেদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।