দৈনিক খুলনা
The news is by your side.

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

44

বাগেরহাট :

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাফি আকন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শরণখোলা ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।