দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

22

বেনাপোল :

বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে যশোরের বেনাপোলে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোলে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৌতম মিস্ত্রির (৫৫) বাড়ি ভারতের কলকাতায়। তিনি পরিবারের সদস্যদের নিয়ে গত ২২ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। প্রায় ১২ দিন পর বুধবার ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে ফিরে আসেন তারা।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, বেনাপোলে গাড়ি থেকে নামার পরপরই তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বেনাপোল বন্দরে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মৃতের স্ত্রী তার দপ্তরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রাথমিকভাবে অসুস্থ হয়ে ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।