দৈনিক খুলনা
The news is by your side.

দলীয় ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

20

বাগেরহাট :

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, যেকোনো মূল্যে দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ ও আবেগ-অনুভূতির ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, কামরুল ইসলাম গোরা, খান মনির হোসেন, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলুসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৭ বছর যারা মাঠে-ময়দানে মিছিল, মিটিং, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে তাদের জনপ্রিয়তা, ত্যাগ ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে প্রার্থী করা হলে প্রত্যাশিত ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের মতো কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সমন্বয় থাকলে জনগণের সেবা আরও সহজে নিশ্চিত করা সম্ভব বলে তিনি জানান।

শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আবেগ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির পক্ষে দেশের উন্নয়নের ধারা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। দল বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের আরও সংযত, দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার না চালিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মসূচিগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই অর্থনীতির কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করে দলটি ৪৯তম বছরে পদার্পণ করেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বাগেরহাট জেলখানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের আইল্যান্ডে সৌন্দর্যবর্ধনের জন্য গাছের চারা রোপণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার নেতা-কর্মী বৃষ্টির মধ্যেও সমবেত হন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি, ঢাক-ঢোল ও সানাইয়ের বাদ্য এবং মহিলা দলের নেতা-কর্মীদের রঙিন পোশাকে অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাতে জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত নেতা-কর্মী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।