দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গু মোকাবিলায় ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখলেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

19

খুলনা :

খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর ছাত্রদল। ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অনেকের রক্তে প্লাটিলেট কমে গিয়ে জরুরি রক্তের প্রয়োজন হয়। এ কারণে মহানগর ছাত্রদলের উদ্যোগে সাতটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্প স্থাপন করে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ সময়োপযোগী।

প্রধান অতিথি আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে কল সেন্টার ও হেলথ সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অতিরিক্ত শয্যার ব্যবস্থা এবং নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিন ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।

এ সময় সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূইয়া এমদাদুল হক উপস্থিত ছিলেন।

বিএল কলেজের পাশাপাশি খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজেও একই কর্মসূচি পালন করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়।

কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. শেখ আল আমিন, সদস্য সচিব ডা. এস এম কামরান হোসেন এবং ডা. সুদীপ্ত কুমার পাল।

মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান কর্মসূচির পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। স্থাপিত বুথগুলো থেকে নিয়মিত রক্তদাতার তথ্য সংগ্রহ ও জরুরি প্রয়োজনে রক্তদানের কার্যক্রম পরিচালনা করা হবে।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি রক্তের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে মহানগর ছাত্রদলের এ কর্মসূচি মাসব্যাপী চলবে।