দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ, প্রশংসায় জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

33

পাইকগাছা :

খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় জেলার বিভিন্ন উপজেলার ২১৮টি প্রতিষ্ঠানের অনুকূলে দ্বিতীয় ধাপে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় প্রশংসায় ভাসছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৬ আসন থেকে নির্বাচন করেছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পী। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের সময় পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সে সময় তিনি বলেন, সমাজের দর্পণ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মীদের প্রতিষ্ঠান এভাবে অবহেলিত থাকতে পারে না। পাইকগাছার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। খুলনা জেলা পরিষদের মাধ্যমে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার পর প্রেসক্লাবের সাংবাদিকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকরা জানান, দীর্ঘদিন অর্থের অভাবে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। ভবনের ছাদ দিয়ে পানি পড়াসহ নানা সমস্যার কারণে সাংবাদিকদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ ছিল না। বরাদ্দের অর্থে উন্নয়নকাজ সম্পন্ন হলে প্রেসক্লাবে আরও সুন্দর ও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পাইকগাছা প্রেসক্লাবের অনুকূলে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, সহসভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশসহ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যরা।

তাদের প্রত্যাশা, এই বরাদ্দের মাধ্যমে পাইকগাছা প্রেসক্লাবের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে এবং সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।