শার্শা :
যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুল (৪০)কে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে এক প্রতিবেশী নারীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় গত ৮ এপ্রিল রাতে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই শরিফুল পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদস্যরা সাতক্ষীরা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।