দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার

17

কেশবপুর :

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী দিনে যশোরের কেশবপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মৎস্যসম্পদ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। নদী-খাল, জলাশয় ও অন্যান্য প্রাকৃতিক জলাধারের পরিবেশ রক্ষার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে মৎস্যসম্পদ ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ মৎস্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে তাদের আগ্রহেরই বহিঃপ্রকাশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মৎস্যসম্পদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জলাশয়ের পরিবেশ রক্ষা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।

আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে আহনাফ ইসলাম অয়ন, দ্বিতীয় শ্রেয়াস কুন্ডু ও তৃতীয় সাইবা ইসলাম আস্থা।

খ গ্রুপে প্রথম হয় অভ্রতনু দাশ, দ্বিতীয় রুদ্রনীল দাশ ও তৃতীয় জান্নাতুল ফিরদাউস।

গ গ্রুপে প্রথম হয় রাজদীপ দও, দ্বিতীয় তাহমীদ মুক্তাকী আহনাফ ও তৃতীয় রাফসানা আফরিন।

পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী পর্ব সম্পন্ন হয়।