গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নির্যাতিত পরিবারগুলোকে গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ বিষয়ে একটি নতুন অধিদপ্তর গঠনের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সরকারের আরও সময় প্রয়োজন।
বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে ব্যর্থ হয়েছে—বিরোধী দলের এমন সমালোচনার জবাবও দেন আহমেদ আজম খান। তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানে সময় প্রয়োজন।
দেশের বর্তমান গ্যাস, জ্বালানি ও রাজনৈতিক সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত ভূমিকা রাখা ব্যক্তিদের গেজেটভুক্ত করতে আবারও আবেদন গ্রহণের কথা জানিয়েছেন তিনি। প্রকৃত অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আহমেদ আজম খান আরও বলেন, গত ১৮ বছরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে যেসব মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।
প্রয়াত খালেদা জিয়ার স্মরণে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, যাদের ওপর মানুষ একসময় আশা ও ভরসা করেছিল, তারা আজ নিন্দিত। আর যিনি দীর্ঘদিন রাজনীতির সুযোগ পাননি, তিনি আজ মানুষের কাছে নন্দিত হয়ে স্মরণীয় হয়ে আছেন।
সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।