দৈনিক খুলনা
The news is by your side.

গাড়ির ড্যাশবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালানোর অভিযোগ

23

বাগেরহাট :

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় একটি নোহা গাড়ির ড্যাশবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাড়িটির চালক শেখ জুলফিকার আলীর (৪৮) বিরুদ্ধে। এ ঘটনায় গাড়ির মালিক মো. বাবুল ফকির সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বাবুল ফকির উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী এবং শেখ জুলফিকার আলী প্রায় দুই বছর ধরে তার নোহা গাড়ির চালক হিসেবে কর্মরত। গত ১১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্য ও চালককে সঙ্গে নিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন এমএ বারী সড়কের একটি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যান তিনি। তখন গাড়ির ড্যাশবক্সে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা ছিল।

অভিযোগ অনুযায়ী, বাবুল ফকির পরিবারের সদস্যদের নিয়ে শোরুমে প্রবেশ করলেও চালক তাদের সঙ্গে ভেতরে না গিয়ে গাড়ির কাছে থাকেন। প্রায় ৪টা ৪৫ মিনিটে মোটরসাইকেল পছন্দ করে তারা গাড়ির কাছে ফিরে এসে দেখতে পান, গাড়িটি লক করা হয়নি এবং ড্রাইভিং সিটের ওপর চাবি রাখা রয়েছে। এ সময় ড্যাশবক্সে রাখা ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা পাওয়া যায়নি এবং চালক শেখ জুলফিকার আলীও সেখানে ছিলেন না।

পরে চালকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ করেন গাড়ির মালিক।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চালক শেখ জুলফিকার আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।