দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

13

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সুপারিন্টেন্ডেন্ট সামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক আব্দুর রহিম। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সামছুন নাহার বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনের অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, সৎ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

শিক্ষক মো. আশরাফুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষক শাহানা পারভীন বলেন, দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তামিম হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে এবং দেশের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে চাই।

এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক রুদ্র দাস, এস. কে. শাহানা পারভীন, শুভাশিস দত্তসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।